জিতে বছর শেষ করলো চেলসি-লিভারপুল

জোড়া গোল করে লিভারপুলকে জেতালেন সালাহদারুণ জয়ে ২০১৭ সালকে বিদায় জানালো চেলসি ও লিভারপুল। শনিবার চেলসি ৫-০ গোলে উড়িয়ে দিলো স্টোক সিটিকে। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের টানা সপ্তম জয় এটি। আরেক ম্যাচে লিভারপুল হারিয়েছে লিস্টার সিটিকে। ২-১ গোলে জিতেছে তারা।

বাজে ডিফেন্সের পরিণতিতে মাত্র ৩ মিনিটে গোল হজম করে স্টোক সিটি। উইলিয়ানের ক্রস থেকে সহজ হেডে গোল করেন আন্তোনিও রুদিগার। ড্যানি ড্রিংকওয়াটার তার চেলসি ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গোলটি করেন ৯ মিনিটে। ডিবক্সের প্রান্ত থেকে তিনি কোনাকুনি শটে পরাস্ত করেন অতিথি গোলরক্ষক বাটল্যান্ডকে। অবশ্য ৬ মিনিট পর স্টোকের এই গোলরক্ষক ঠেকিয়ে দেন ড্রিংকওয়াটারকে।

স্টোকের ফিরে আসার সম্ভাবনা শেষ হয়ে যায় ২৩ মিনিটের গোলে। উইলিয়ানের পাস থেকে প্রথম ছোঁয়াতেই চেলসির তৃতীয় গোল করেন পেদ্রো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লুরা। বিরতির পর বাটল্যান্ড বাধা না হয়ে দাঁড়ালে চেলসির জয়ের ব্যবধান অনেক বড় হতে পারতো। আলভারো মোরাতা ও পেদ্রো গোল করতে পারেননি স্টোক সিটি গোলরক্ষকের কারণে। তবে ঠিকই আরও দুই গোল আদায় করেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

লক্ষ্যভেদী শট নিচ্ছেন ড্রিংকওয়াটার, চেলসির বড় জয়ও নিশ্চিতপ্রথম দুই গোল বানিয়ে দেওয়া উইলিয়ান ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন। ৮৮ মিনিটে ডেভিড জাপাকোস্তার গোলে লিগ মৌসুমের সবচেয়ে বড় জয় নিশ্চিত করে চেলসি।

২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এলো চেলসি। ২ পয়েন্ট পেছনে থেকে ম্যানইউ মুখোমুখি হবে সাউদাম্পটনের। ৫৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানসিটি, তারা খেলেছে ২০ ম্যাচ।

লিস্টার সিটি লিভারপুলের মাঠে চমক দেখায় শুরুতেই। ৩ মিনিটে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা। তবে মোহামেদ সালাহর জোড়া গোলে স্বস্তির জয় পায় লিভারপুল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লিভারপুল। অ্যানফিল্ডে ৫২ মিনিটে সাদিও মানের ব্যাকহিল থেকে বল নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দলকে সমতায় ফেরান সালাহ। ৬৬ মিনিটে মানের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে সালাহর জয়সূচক গোলে লিভারপুল বছরটা শেষ করলো হাসি নিয়ে।

এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে থেকে নতুন বছরকে স্বাগত জানাবে লিভারপুল।