টুর্নামেন্টে সাফল্যের লক্ষ্যে আটঘাট বেঁধে নেমেছে সাইফ স্পোর্টিং। চট্টগ্রাম আবাহনী থেকে সাত জন খেলোয়াড় নিয়েছে তারা, মোহামেডান থেকে এসেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে, আর এশিয়ান কোটায় খেলবেন উজবেক মিডফিল্ডার উমারজনভ আকরভ। শুধু খেলোয়াড় নয়, কোচও নিয়ে এসেছে তারা। এএফসি কাপে দলটির উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করছেন উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া মারুফুল হক। আর প্রধান কোচ হিসেবে রায়ান নর্থমোর তো আছেনই।
সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নর্থমোর বললেন, ‘এএফসি কাপের জন্য আমরা বিকেএসপিতে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য, খেলোয়াড়রা সমান গতিতে খেলে যেন ভালো পারফর্ম করতে পারে। কালকের ম্যাচে আমরাই ফেভারিট, আর আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো।’
অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে কোচের কথারই প্রতিধ্বনি, ‘শুধু সাইফ নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের দলটা ব্যালান্সড, আর আমাদের প্রস্তুতিও ভালো। তবে একটানা খেলার কারণে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। কাল আমাদের একটাই লক্ষ্য—জয়।’
বাংলাদেশের মাটি টিসি স্পোর্টসের অপরিচিত নয়। গত বছর চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মালদ্বীপ প্রিমিয়ার লিগের রানার্সআপ দলটির কোচ মোহাম্মদ নিজাম বললেন, ‘আমরা গত বছরের মতো ভালো খেলতে চাই, জিততে চাই। সাইফের মতো আমরাও নতুন দল। আমরা ১২ দিনের প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছি।’