এখনও ‘অবিশ্বাস্য’ বছরের প্রত্যাশা রোনালদোর

skysports-cristiano-ronaldo-champions-league-real-madrid_3944123লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোর চোখ ছিল কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে। বুধবার লেহানেসের কাছে হেরে বিদায় নেওয়ায় কোপার স্বপ্নও শেষ হয়ে গেছে রিয়ালের। তবে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতলে বছরটা রিয়ালের জন্য ‘অবিশ্বাস্য’ হবে মনে করছেন রোনালদো।

২০১৭ সালে প্রথমবার এক বছরে পাঁচটি রেকর্ড শিরোপা জিতেছিল রিয়াল। কিন্তু ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পর থেকে তাদের বাজে সময় যাচ্ছে। লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে শীর্ষস্থান থেকে ১৯ পয়েন্ট পেছনে পড়ে গেছে তারা। কোয়ার্টার ফাইনালে হেরে কোপা থেকেও বিদায় নিতে হলো তাদের। এখন তাদের শেষ ‍সুযোগ চ্যাম্পিয়নস লিগে। ফেব্রুয়ারিতে শেষ ষোলোতে তারা প্যারিস সেন্ত জার্মেইর মুখোমুখি হবে।

রোনালদো এই মৌসুমকে স্মরণীয় রাখতে চান টানা তৃতীয়বার ইউরোপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে, ‘আমরা যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারি, তাহলেই এ বছরটা হবে অবিশ্বাস্য।’ রিয়ালের সর্বকালের শীর্ষ গোলদাতা লিগ শিরোপার হালও ছাড়ছেন না। গতবারের চ্যাম্পিয়নরা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলেছে। তাছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ন্যু ক্যাম্পেও লড়াই আছে।

রোনালদো বলেছেন, ‘আমরা লা লিগায় ভালো শুরু করিনি। আমরা হতাশ, কেউ খুশি নয় এতে। কিন্তু এখন চ্যাম্পিয়নস লিগের জন্য আমাদের অনেক খাটতে হবে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লা লিগায় লড়াই কঠিন হয়ে গেছে। কিন্তু আমরা হাল ছাড়ছি না, যদিও মৌসুমের শুরু থেকে অনেক পয়েন্ট হারিয়েছি। পরিশ্রম করে যাওয়াই একমাত্র সমাধান।’ ইএসপিএনএফসি