শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় নবম মিনিটে। ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে শেখ রাসেল। ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজের বাড়ানো বলে ফরোয়ার্ড মেহবুব হাসান নয়নের জোরালো ভলি চলে যায় জালে (১-১)।
১৮ মিনিটে আবার এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মামুনুলের কর্নার থেকে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করেন মিডফিল্ডার সোহেল রানা। ৪২ মিনিটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের আবার লক্ষ্যভেদ। বক্সের একটু বাইরে থেকে নেওয়া মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহর নিখুঁত ফ্রিকিক চলে যায় দূরের পোস্টে (৩-১)।
দুই মিনিট পর আব্দুল্লাহর আরেকটি ফ্রিকিক থেকে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির হেডে জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। ৭৩ মিনিটে বদলি ডিফেন্ডার মোহাম্মদ জাভেদ গোল করলেও শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি।