‘রোনালদোর চেয়ে মেসিকে আটকানো কঠিন’

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রোনালদোর মুখোমুখি হয়েছিলেন থিয়াগো সিলভাডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে ছাড়েন তারা। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠেকানোর কোনও ছকই কাজে লাগে না। তবে দুজনের মধ্যে একজনকে যদি বেছে নিতে হয়, তাহলে? ডিফেন্ডার হিসেবে থিয়াগো সিলভার ভোট মেসির বাক্সে।

আর্জেন্টাইন তারকাকে আটকাতে কঠিন পরীক্ষার সামনে পড়তে হয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ব্রাজিলের প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডার। সামনেই চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে পিএসজি। শেষ ষোলোর এই লড়াইয়ের আগে রোনালদোকে তেঁতিয়েই দিলেন সিলভা। ‘লি টেন স্পোর্ত’কে পিএসজি ডিফেন্ডার বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিকে আটকানো কঠিন।’

চলতি মৌসুমটা একেবারেই ভালো কাটছে না রোনালদোর। লা লিগায় অবস্থাটা বেশি খারাপ তার। চ্যাম্পিয়নস লিগে অবশ্য ছন্দে আছেন পতুর্গিজ ‍যুবরাজ। ৩৪ বছরে পা রাখা রিয়াল মাদ্রিদ তারকা খারাপ সময় কাটালেও এখনও তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা দেখছেন সিলভা, ‘ক্রিস্তিয়ানো তার ক্যারিয়ারে যা জিতেছে, সেগুলোর অবশ্যই সে দাবিদার। এই বছরটা তার বেশ কঠিন যাচ্ছে, তবে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও সে সামনের ব্যালন ডি’অর জিততে পারে।’

মেসির সঙ্গে রোনালদোর পার্থক্যটাও বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক, ‘মেসির সঙ্গে ওর পার্থক্য সামান্য। বলের লড়াইয়ে একজন, এমনকি দুইজন মিলেও (মেসিকে) আটকানো কঠিন।’