বার্সেলোনায় তিনিও কাটিয়েছেন তিন মৌসুম। গ্যারেথ বেলের আগে ১০৩ ম্যাচে লিনেকারের করা ৪২ গোলই ছিল কোনও ব্রিটিশ খেলোয়াড়ের সর্বোচ্চ লা লিগা গোল। বার্সেলোনায় তিনি এখনও মুগ্ধ। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বার্সেলোনাকে আমি ভালোবাসি। ওদের সব ম্যাচ দেখি। আমার চার সন্তানও আমার মতো বার্সেলোনা ভক্ত।’
কাতালানদের উন্নতির নেপথ্যে তিনি অবদান দেখেন, ‘রোনালদিনহো, জাভি, (আন্দ্রেস) ইনিয়েস্তা, এবং সর্বোপরি মেসি।’ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এরপর ভাসালেন প্রশংসার বানে, ‘মেসি অন্য গ্রহ থেকে এসেছে। ও প্রত্যেক ম্যাচে একাই চার থেকে পাঁচটি কাজ করে থাকে, যেটা আমার গোটা ক্যারিয়ারে কখনও করতে পারিনি। ও বিস্ময়কর সব কাজ করে যাচ্ছে, লিও আমার কাছে সর্বকালের সেরা।’
বিশ্বকাপ জেতা হয়নি বলে ডিয়েগো ম্যারাডোনা থেকে পিছিয়ে রাখা হয় মেসিকে। যদিও লিনেকার এই যুক্তি মানেন না, ‘কখনও ভাবিনি ম্যারাডোনার চেয়ে ভালো কাউকে আর দেখতে পাবো। সবাই বলে ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছে, কিন্তু মেসি পারেনি। তবে এটাও দেখতে হবে লিও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতলেও ম্যারাডোনা একবারও পারেনি।’ এরপরই বললেন, ‘বার্সেলোনা আসলে ১৩ জন খেলোয়াড় নিয়ে খেলে, কারণ ওদের মেসি আছে।’
জাতীয় দলে স্পেন খুব করে চেয়েছিল মেসিকে। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বেছে নিয়েছিলেন জন্মভূমি আর্জেন্টিনাকে। যদি জাতীয় দল হিসেবে মেসি স্পেনকে বেছে নিতেন, তাহলে? ভাবনটা মাঝেমধ্যেই উঁকি মারে লিনেকারের মনে। তখন উত্তরে তিনি খুঁজে পান, ‘আর্জেন্টিনায় অভিষেক হওয়ার আগে লিও যদি স্পেনের জাতীয়তা নিতো, তাহলে স্পেন আরও অনেক কিছু জিততো। বিশ্বকাপ শিরোপা থাকতো তিনটি, তার সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তিন শিরোপা।’ মার্কা