কৌতিনিয়োর গোলে ফাইনালে বার্সেলোনা

প্রথমবার বার্সেলোনার জার্সিতে গোল উদযাপন করলেন কৌতিনিয়োরেকর্ড চুক্তিতে বার্সেলোনায় এসে আসল সময়ে জ্বলে উঠলেন ফিলিপ কৌতিনিয়ো। বেঞ্চ থেকে উঠে এসে কাতালান ক্লাবটির জার্সিতে প্রথম গোল করলেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে কোপা দেল রের ৪০তম ফাইনালে উঠলো বার্সেলোনা।

দুই লেগের অগ্রগামিতায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে এরনেস্তো ভালভারদের শিষ্যরা।

লিভারপুল থেকে গত মাসে ১৪২ মিলিয়ন পাউন্ডে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছিলেন কৌতিনিয়ো। পঞ্চমবার বার্সেলোনার জার্সি পরলেন তিনি। বৃহস্পতিবার বিরতির কিছুক্ষণ আগে আন্দ্রে গোমেসের বদলি মাঠে নামেন এ ব্রাজিলিয়ান তারকা। বিরতির পর চতুর্থ মিনিটে করেন প্রথম গোল। বাঁ প্রান্ত থেকে লুই সুয়ারেসের দারুণ ক্রস স্লাইড করে কোনাকুনি শটে জালে জড়ান তিনি।

বার্সেলোনা তাদের দ্বিতীয় গোল পায় ৮২ মিনিটে। এবারও ছিল সুয়ারেসের অবদান। তার পাস থেকে ইভান রাকিটিচ লক্ষ্যভেদ করেন।

এর আগে ৮ মিনিটে লিওনেল মেসির চমৎকার ফ্রিকিক ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জাউমে। স্বাগতিকরাও এগিয়ে যেতে পারতো ১৩ মিনিটে। কিন্তু রদ্রিগোর হেড লক্ষ্যভেদ করতে পারেনি বার্সার গোলবার বাধা দিলে। ২৭ মিনিটে আবারও রদ্রিগো শট নেন লক্ষ্যে, এবার ঠেকান অতিথি গোলরক্ষক জ্যাসপার সিলেসেন।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হোসে লুইস গায়া ভ্যালেন্সিয়াকে সমতা ফেরানোর খুব কাছে ছিলেন। সিলেসেন দারুণভাবে তাকে প্রতিহত করেন। তবে রাকিটিচের শেষদিকের গোল সব শঙ্কা দূর করে দেয়।

টানা পঞ্চম ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া। আগামী ২১ এপ্রিল মুখোমুখি হবে তারা। ইএসপিএনএফসি