ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধের নিষ্প্রাণ লড়াই শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি কেনের একমাত্র গোল গড়ে দিয়েছে পার্থক্য। এনিয়ে লিগে ৭টি উত্তর লন্ডন ডার্বিতে ৭ গোল করলেন তিনি। লিগে ইংলিশ ফরোয়ার্ডের এটি ছিল ২৩তম গোল।
নভেম্বরে এমিরেটস স্টেডিয়ামে স্পারদের ২-০ গোলে হারানো আর্সেনাল দুর্বল পাসের কারণে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে ওয়েম্বলিতে। তার মাশুল দিতে হলো এক গোল খেয়েই। বিরতির পর চতুর্থ মিনিটে বেন ডাভিসের ক্রস থেকে দুর্দান্ত হেডে পিটার চেককে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন কেন।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতো টটেনহ্যাম। কিন্তু ক্রস থেকে কেনের ওই হেড গোলবারের বেশ দূরে দিয়ে চলে যায়। চেক প্রতিরোধ না গড়লে ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেতেন ইংলিশ ফরোয়ার্ড। আরেকবার আর্সেনাল গোলরক্ষককে পরীক্ষা দিতে হয়েছিল শেষ দিকে। সন হেউং-মিনের বদলি মাঠে নামা এরিক লামেলাকে রুখে দিয়ে হারের ব্যবধান বাড়তে দেননি চেক। বলা যায়, ম্যাচ শেষে হারের ব্যবধান বড় না হওয়াই আর্সেনালের সফলতা। এনিয়ে লিগে গত পাঁচ ম্যাচের তিনটি হারলো তারা।
এই জয়ে আরও তিন পয়েন্ট নিয়ে টটেনহ্যাম উঠে গেছে টেবিলের তিন নম্বরে। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা লিভারপুল রবিবার খেলবে সাউদাম্পটনের মাঠে।
টটেনহ্যামকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছে চেলসিও। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চ্যাম্পিয়নরা। সোমবার তারা স্বাগত জানাবে ওয়েস্ট ব্রম উইচ অ্যালবিওনকে। গোল ডটকম