গেতাফের বিপক্ষে ফিরছেন দেম্বেলে!

মেসিদের সঙ্গে অনুশীলনে দেম্বেলেমাঠে নামার সবুজ সঙ্কেত পেলেন উসমান দেম্বেলে। গেতাফের বিপক্ষে রবিবারের লা লিগায় বার্সেলোনার জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে।

গত আগস্টে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ন্যু ক্যাম্পে সাড়ে ১০ কোটি ইউরোতে যোগ দিয়েছিলেন দেম্বেলে। কিন্তু হ্যামস্ট্রিং চোটের কারণে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ৭ ম্যাচ খেলেছেন তিনি। প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকার পর জানুয়ারিতে ফিরেছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু দুই সপ্তাহ যেতে পায়ের মাংসপেশীর ইনজুরি আবার ছিটকে দেয় তাকে।

গেতাফের মুখোমুখি হওয়ার আগে শনিবার অনুশীলনে স্বতঃস্ফূর্ত দেখা গেছে দেম্বেলেকে। তাকে মাঠে নামানোর আভাস দিলেন এরনেস্তো ভালভারদে। অবশ্য কোনও ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ, ‘কালকের (রবিবার) ম্যাচটা তার জন্য ভালো কিছু হতে পারে।’

মূলত চেলসির বিপক্ষে ২১ ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস লিগের জন্য দেম্বেলেকে শতভাগ ফিট রাখাকে গুরুত্ব দিচ্ছেন ভালভারদে। তার আগে গেতাফে ও অ্যাইবারের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। ইএসপিএনএফসি