অবসর ভেঙে মেসিদের বিপক্ষে ফিরছেন বুফন!

জিয়ানলুইজি বুফনচারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগই হলো না ইতালির। হতাশায় জিয়ানলুইজি বুফন দিলেন অবসরের ঘোষণা। তবে ইতালিয়ান ফুটবলের দুঃসময়ে অবসর ভেঙে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন এই কিংবদন্তি গোলরক্ষক।

মার্চে প্রীতি ম্যাচ খেলবে ইতালির। বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার পর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আজ্জুরিরা। ম্যানচেস্টারে ২৩ মার্চ মেসিদের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই অবসর ভেঙে ফিরতে পারেন জুভেন্টাস অধিনায়ক। ইতালিয়ান এক সংবাদমাধ্যমে তেমন ইঙ্গিতই দিয়েছেন বুফন।

রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সুইডেনের বিপক্ষে ধাক্কা খেয়ে বিদায় নিয়েছে ইতালি। সুইডেন থেকে ১-০ গোলে হেরে আসার পর ফিরতি লেগে গোলশূন্য ড্র করে তারা। ওই ম্যাচের পর কোচও ছাঁটাই করে দেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখন কাজ করছেন লুইজি বিয়াজিও। তিনিই এক সাক্ষাৎকারে বুফনের ফেরার ব্যাপারে শুনিয়েছেন আশার বাণী।

এবার নিজেই ফেরার ইঙ্গিত দিলেন ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এই গোলরক্ষক, ‘জাতীয় দলের কঠিন সময়ে নিজের দায়িত্বশীলতার বিষয়টি খুব অনুভব করছি। সামনে দুটো গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ, ভেবেছিলাম পরিবারের সঙ্গে অবকাশ যাপনে যাব ওই সময়টাতে। তবে যদি জাতীয় দল আমাকে প্রয়োজন মনে করে, তাহলে আমার উত্তর, আমি প্রস্তুত।’

২৩ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের চার দিন পর লন্ডনে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ডের। গোল ডটকম