আর্সেনালের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ব্রাউন

সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে জেসন ব্রাউন (ডানে)। ছবি-বাফুফেগোলকিপিং কোচ হিসেবে জেসন ব্রাউনের ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। উয়েফা ‘এ’ লাইসেন্স সহ বেশ কয়েকটি ডিগ্রি জ্বলজ্বল করছে তার নামের পাশে। আপাতত তিনি তিন মাসের জন্য বাংলাদেশের গোলকিপিং কোচের দায়িত্বে।

ওয়েলস জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচে খেলেছেন ব্রাউন। গ্লাভস খুলে রাখার পর জড়িয়ে পড়েন কোচিংয়ে। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব আর্সেনালের মহিলা দলের গোলকিপিং কোচ ছিলেন কিছুদিন। ভিয়েতনামেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

বিকেএসপিতে প্রায় এক সপ্তাহ ধরে তিন গোলকিপার আশরাফুল রানা, প্রীতম আর জিকোকে নিয়ে কাজ করে ব্রাউন উচ্ছ্বসিত। মঙ্গলবার কাতার সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী কোচ বললেন, ‘গোলকিপারদের দীর্ঘ মেয়াদে কোচিং করাতে হয়। একটা ব্যাপার আমার ভালো লেগেছে। ছেলেদের শেখার আগ্রহ ও সামর্থ্য রয়েছে। আমি ওদের নিয়ে আশাবাদী।’

আপাতত ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচের দিকে তাকিয়ে ব্রাউন, ‘লাওস ম্যাচের আগে ভালো কিছুর আশা করছি। আমার ইউরোপে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। সেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করবো।’  

জাতীয় দলের গোলকিপারদের প্রতি তার উপদেশ, ‘বিখ্যাত গোলকিপাররাও ভুল করে। পিটার চেকের মতো গোলকিপারও সব সময় পোস্ট সামলাতে পারেন না। গোলকিপারদের শেখার শেষ নেই। আমার তিন মাসের মেয়াদে বাংলাদেশের  গোলকিপারদের শেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। পজিশন, জায়গা ছেড়ে বেরোনো, বলের দিকে ঠিক মতো ঝাঁপানো সহ সব কিছু নিয়ে কাজ করতে হবে।’