সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে প্রথম লেগ হেরে এসেছে পিএসজি। আগামী ৬ মার্চ পার্ক ডি প্রিন্সেসে এবার রিয়ালকে স্বাগত জানাবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের এক সপ্তাহ আগে নেইমারের ছিটকে যাওয়ার খবর শুনলো ফরাসি জায়ান্টরা। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারালেও কাভানি-দি মারিয়াদের ভেঙে না পড়ার ডাক দিলেন পিএসজি চেয়ারম্যান ও সিইও নাসির আল-খেলাইফি।
চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইর বিপক্ষে ৩-০ গোলে জিতে পিএসজি ঘুরে দাঁড়াতে প্রস্তুত বিশ্বাস খেলাইফির, ‘রিয়াল? অবশ্যই আমাদের বিশ্বাস আছে। যদি বিশ্বাস না থাকে, তাহলে কেন খেলতে হবে? আমাদের দল রিয়ালকে হারাতে পারবে। এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, খেলোয়াড়রা দৃঢ় আছে। প্রত্যেকে প্রস্তুত এবং তারা খেলতে চায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন পিএসজি চেয়ারম্যান, ‘আমরা চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে উঠব, সমর্থক ও খেলোয়াড়রা একসঙ্গে আছে। আমরা পার হয়ে যাব। আমি আবারও বলছি, জেতার মতো খেলোয়াড় ও দল আমাদের আছে।’ ইএসপিএনএফসি