মার্শেইর বিপক্ষে লিগ ওয়ানের শেষ ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। দুই দিন ধরে চলেছে তার ইনজুরি নিয়ে নানা জল্পনা। তবে সব গুঞ্জনকে সত্যি করে ছিটকে যেতে হলো তাকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে তার শূন্যতা হয়তো থাকবে খেলোয়াড়দের মাঝে। কিন্তু সেই অভাবের প্রভাব ম্যাচে ফেলতে চান না থিয়াগো সিলভারা।
নেইমারকে ছাড়াই সামনের পথটা পাড়ি দিতে প্রস্তুত পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শুভ কামনা জানিয়েছে সতীর্থদের। তিনিও চান নিজের এই কঠিন সময়টা উতরে যেতে। ব্রাজিলে ফিরে যাচ্ছেন তিনি পঞ্চম মেটাটারসালের অস্ত্রোপচার করাতে। এর আগে প্রত্যয়ী নেইমারের ইনস্টাগ্রামে পোস্ট, ‘বাধা-বিপত্তি আপনাকে থামাতে পারবে না। আপনি যদি সামনে কোনও দেয়াল দেখেন, হতাশ হবেন না। এটায় ওঠার একটা উপায় বের করতে হবে।’ মার্কা