স্পেন ও ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন সাম্পাওলি। ঘোষিত এই দলে নেই দিবালা ও মাউরো ইকার্দি। তাদের বাইরে রেখে সাম্পাওলি আবার দলে ফিরিয়েছেন গনসালো হিগুয়েইনকে। বিশ্বকাপের আগমুহূর্তে এই দল নিয়েই যে সাম্পাওলির পরিকল্পনা, সেই হিসাব কিন্তু মিলিয়ে ফেলেছেন অনেকেই।
যদিও বিষয়টা মোটেও সেভাবে দেখছেন না সাম্পাওলি। তার মতে, দিবালা কিংবা ইকার্দির এখনও সম্ভাবনা আছে বিশ্বকাপের দলে থাকার। তবে দিবালার খেলা নিয়ে অনিশ্চয়তা অনেক আগে থেকে। মেসি ও জুভেন্টাস ফরোয়ার্ডের পজিশন ও খেলার ধরনে মিল থাকায় তাদের একসঙ্গে খেলাটা ‘ঝুঁকিপূর্ণ’ বলে সাম্পাওলি নিজেই মন্তব্য করেছিলেন এক সাক্ষাৎকারে। এখন আবার তাকে বাইরে রেখে দল ঘোষণায় একরকম স্পষ্টই হয়ে গেছে আর্জেন্টাইন কোচের পরিকল্পনায় নেই দিবালা।
যদিও সাম্পাওলি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা বিশ্বকাপের দল নয়। এখনও সুযোগ আছে দিবালা ও ইকার্দির। তারা খুব ভালো। এই দুই ম্যাচ দিয়ে আসলে কিছুই নির্ধারণ হচ্ছে না।’ সঙ্গে যোগ করেছেন, ‘দিবালা ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও (হ্যামস্ট্রিং) চোট কাটিয়ে ফিরেছে, তাই আমার মনে হয়েছে এই স্কোয়াডে থাকার চেয়ে ওর ক্লাবের সঙ্গে থাকাটাই ভালো হবে।’
তবে আর্জেন্টাইন কোচ এটা নিশ্চিত করেছেন, ‘বিশ্বকাপের দলের ৮০ শতাংশ ঠিক হয়ে গেছে।’ বাকি থাকা ২০ শতাংশে থাকতেও পারেন দিবালা কিংবা ইকার্দি! গোল ডটকম