কাতার থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘এখানে অনুশীলনের সুযোগ-সুবিধা পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত। আমাদের ভালো হোটেলে রাখা হয়েছে। মূল স্টেডিয়ামের পাশের মাঠে সকালে ও বিকেলে দুই ঘণ্টা করে অনুশীলন করছে সবাই।’
কাতারের কোনও ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাংলাদেশ। রুপু বলেছেন, ‘আজ (শুক্রবার) ছুটির দিন থাকায় কোনও ক্লাবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুটি ম্যাচ খেলার কথা আছে। শনিবারের মধ্যে জানা যাবে, আমাদের প্রতিপক্ষ হবে কোন দুটি দল।’
কাতারে উন্নত অনুশীলনের সুবিধা পেয়ে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ খুব খুশি। তার কথা, ‘গত মৌসুমের শুরু থেকে একটানা খেলে আমরা বেশ ক্লান্ত। কাতারে কন্ডিশনিং ক্যাম্প আমাদের মানসিকভাবে উজ্জীবত করবে। ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই অনুশীলন দারুণ কাজে দেবে।’