লা লিগায় বেলকে হাতছানি দিচ্ছে ইতিহাস

15200217610897২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর অভিষেক হওয়ার পর গ্যারেথ বেলকে হাতছানি দিচ্ছে ইতিহাস। শনিবার দিবাগত রাতে গেতাফের বিপক্ষে জিনেদিন জিদান তাকে যদি দলে রাখেন, তাহলে সেটা হবে তার ১১৭তম লা লিগা ম্যাচ। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্রিটিশ হবেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন বেল, ২-২ গোলের ড্রয়ে করেছিলেন গোল। গেতাফের বিপক্ষে নামলেই রিয়ালের আরেক খেলোয়াড় ডেভিড বেকহ্যামকে টপকে যাবেন তিনি। ২০০৩ থেকে ২০০৭ সালে চার মৌসুমে ১১৬ ম্যাচ খেলে এই রেকর্ডের অধিকারী সাবেক ইংলিশ অধিনায়ক।

বেল অবশ্য ৬১ গোল করে এরই মধ্যে স্পেনের শীর্ষ লিগে সেরা ব্রিটিশ খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন। বার্সেলোনায় ৪২ গোল করে গ্যারি লিনেকার দ্বিতীয় স্থানে।

লা লিগায় খেলেছেন ৩৬ ব্রিটিশ খেলোয়াড়, ১৭টি দলে। সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল রিয়ালে। বেল ও বেকহ্যাম ছাড়াও খেলেছেন ম্যাকমানাম্যান, কুনিংহ্যাম, ওয়েন, উডগেট ও ওয়াটসন। মার্কা