ভারতের লিগে জ্বলে ওঠার লক্ষ্য সাবিনা-কৃষ্ণার

যাওয়ার আগে সাবিনা-কৃষ্ণাকে শুভকামনা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি-বাফুফেরবিবার দুপুরে ভারতের ভিসা পেলেও সেদেশের মহিলা ফুটবল লিগে খেলা নিয়ে সংশয় ছিল কিছুটা। তবে সংশয় কেটে যেতেই উচ্ছ্বসিত সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরে রবিবারই তাদের ভারত পৌঁছানোর কথা। দুজনের লক্ষ্য অভিন্ন—ভালো খেলে দেশের সুনাম বৃদ্ধি করা।

সাবিনার জন্য দেশের বাইরে খেলা নতুন কিছু নয়, মালদ্বীপে খেলেছেন তিনি। তবে ভারতে এই প্রথম খেলতে যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক। তামিলনাড়ুর সেথু এফসির জার্সিতে জ্বলে ওঠার লক্ষ্যের কথা জানিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি  বললেন, ‘ভারতের লিগে খেলার অপেক্ষায় ছিলাম। অবশেষে আমরা সেখানে যাচ্ছি। ভারতে ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য। সেখানে ভালো ফুটবলারদের সঙ্গে লড়াই করতে হবে। দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা করবো।’

দেশের বাইরে প্রথম খেলার সুযোগ পেয়ে কৃষ্ণাও রোমাঞ্চিত। অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কের কথা, ‘আমি একটুও ভয় পাচ্ছি না, নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি। আমরা ভালো খেলতে পারলে ভবিষ্যতে অন্যদের জন্য সুযোগ তৈরি হবে।’

দুজনের সাফল্যের ব্যাপারে আশাবাদী জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সাবিনা আর কৃষ্ণার ফিটনেসের অবস্থা ভালো। আশা করছি, ভারতে দুজনে  নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।’

সোমবার সেথু এফসির প্রথম ম্যাচে সাবিনা-কৃষ্ণার খেলার সম্ভাবনা কম। তবে বুধবার দলের দ্বিতীয় ম্যাচে দুই ফরোয়ার্ড মাঠে নামতে পারেন। মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠেয় ভারতের মহিলা ফুটবল লিগে ৭টি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে খেলার পর চার দল নিয়ে হবে সেমিফাইনাল, ফাইনাল ১৫ এপ্রিল।

আরও পড়ুন: 

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন সাবিনা-কৃষ্ণা