জিতেই চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মুখোমুখি লিভারপুল

লিভারপুলের জয়ের নায়ক সালাহচ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী বুধবার ম্যানসিটির মুখোমুখি হওয়ার প্রস্তুতিতে ঘুরে দাঁড়ানো জয় পেলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারালো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে ক্লপের শততম ম্যাচ জয়ের নায়ক মোহাম্মদ সালাহ। অবনমনের শঙ্কায় থাকা ক্রিস্টালের মাঠ সেলহার্স্ট পার্কে ৮৪তম মিনিটে ম্যাচ জেতানো গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড।

ইংল্যান্ডে প্রথম মৌসুমেই দারুণ মুগ্ধতা ছড়াচ্ছেন সালাহ। ৩১ ম্যাচে ২৯ গোল করলেন তিনি। আর সব মিলিয়ে তার গোল ৩৭টি।

লুকা মিলিভোজেভিচের ১৩ মিনিটের পেনাল্টি গোল প্রথমার্ধে লিড এনে দেয় স্বাগতিকদের। উইলফ্রাইড জাহাকে লিভারপুল গোলরক্ষক লরিস কারিউস স্পষ্ট ফাউল করলে পেনাল্টি পায় ক্রিস্টাল।

অবশ্য চার মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে। জেমস মিলনারের বাঁদিক থেকে পাওয়া ক্রসে লক্ষ্যভেদ করেন তিনি। সেনেগালের এই ফরোয়ার্ডের জন্য ঘটনাবহুল একটি ম্যাচ ছিল এটি। বিরতির আগে ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন। পরে ইচ্ছাকৃতভাবে হাত দিলে বল আটকালেও রেফারির চোখ ফাঁকি দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড এড়ান তিনি।

তাকে নিয়ে বিতর্ক থাকলেও সব আলো কাড়লেন সালাহ। তার গোল এনফিল্ডে আসার আগে সতর্কবার্তা দিলো ম্যানসিটিকে। গত জানুয়ারিতে এই মিশরীয় তারকার গোলেই প্রিমিয়ার লিগে সিটিজেনদের অজেয় থাকার মর্যাদা কেড়ে নেয় লিভারপুল, এনফিল্ডে ৪-৩ গোলে জেতে স্বাগতিকরা। গোল ডটকম