টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা বায়ার্নের

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করছে বায়ার্ন৫ ম্যাচ হাতে রেখে শনিবার টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা হাতে নিলো বায়ার্ন মিউনিখ। অদ্ভুত আত্মঘাতী গোলে অগসবার্গের মাঠে পিছিয়ে পড়ার পর ৪-১ গোলের জয়ে শিরোপা উৎসব করে তারা।

গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর উৎসবের সব প্রস্তুতি সেরে রেখেছিল বায়ার্ন। কিন্তু ১৮ মিনিটে আচমকা প্রতিপক্ষকে গোল উপহার দেয় তারা। সার্জিও কর্দোভার শট বায়ার্ন গোলরক্ষক সভেন উলরেইখ বল ঠেকিয়ে দিলেও সেটা তাদের ডিফেন্ডার নিকলাস সুলির মুখে লেগে জালে জড়ায়।

৩২ মিনিটে করেন্তিন তোলিসোর হেডে বায়ার্ন সমতা ফেরায়। বিরতির ৭ মিনিট আগে হামেস রদ্রিগেস এগিয়ে নেন তাদের। ২৮তম জার্মান লিগ শিরোপা জেতার পথে বায়ার্ন আরও দুটি গোল পায় ৬২ ও ৮৭ মিনিটে। আরিয়েন রবেন ও সান্দ্রো ওয়াগনার শেষ গোল দুটি করেন।

গত অক্টোবরে বায়ার্নের দুঃসময়ে অবসর ভেঙে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হন ইয়ুপ হেইঙ্কেস। তিনিই তার ক্যারিয়ারের চতুর্থ বুন্দেসলিগা জিতলেন প্রিয় ক্লাবের সঙ্গে, সবগুলোই বাভারিয়ানদের হয়ে।

২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন। সমান খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্যালকে। গোল ডটকম