চার দফা চেষ্টার পর চলতি মৌসুমে কাতালানদের কোচ হওয়ার স্বপ্নপূরণ হয় এরনেস্তো ভালভারদের। নিজেকে তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। কোপা দেল রে’র ফাইনালে তুলেছেন, লা লিগার শীর্ষে থেকে শিরোপা জেতার দ্বারপ্রান্তে, সঙ্গে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখায় ত্রিমুকুট জেতার স্বপ্ন দেখছে বার্সেলোনা। লিগ শিরোপা দিয়েই সেই স্বপ্নপূরণের প্রথম ধাপে পা দিতে পারে কাতালানরা।
লা লিগায় বার্সেলোনার বাকি এখনও ৭ ম্যাচ। সব মিলিয়ে ২১ পয়েন্ট থেকে ১০ পয়েন্ট তুলতে পারলেই ২৫তম লিগ শিরোপা জিতবে তারা। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো পিয়েছে ১১ পয়েন্টে। বার্সেলোনার পয়েন্ট ৭৯, আর অ্যাতলেতিকোর ৬৮। বাকি থাকা ২১ পয়েন্টের সবই যদি মাদ্রিদের ‘ছোটরা’ পায়, তবু পয়েন্ট হবে তাদের ৮৯। এখন ৭৯ পয়েন্ট থাকা বার্সেলোনা তাই ১০ পয়েন্ট পেলেই করবে শিরোপা উদযাপন।
বার্সেলোনা ও অ্যাতলেতিকোর পয়েন্ট সমান হলেও কাতালানরা শিরোপা জিতবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়। মাদ্রিদের ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এলেও ন্যু ক্যাম্পে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা।
লিগ মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তেই তাই শিরোপা জিতে নিতে পারে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হওয়ার আগে তিন ম্যাচ জেতার পর ঘরের মাঠের ‘এল ক্লাসিকো’ ড্র করলেও শিরোপা জিতে নেবে ভালভারদের দল। মার্কা
লা লিগা পয়েন্ট টেবিল (শীর্ষ চার):
দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
বার্সেলোনা | ৩১ | ২৪ | ৭ | ০ | ৭৯ |
অ্যাতলেতিকো মাদ্রিদ | ৩১ | ২০ | ৮ | ৩ | ৬৮ |
ভ্যালেন্সিয়া | ৩১ | ২০ | ৫ | ৬ | ৬৫ |
রিয়াল মাদ্রিদ | ৩১ | ১৯ | ৭ | ৫ | ৬৪ |