মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত এক জয় পেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। শুরুতেই গ্যাব্রিয়েল হেসুসের গোলে সিটিজেনরা এগিয়ে গেলেও মোহাম্মদ সালাহর রেকর্ড ভাঙা গোলে সমতা ফেরায় লিভারপুল। রবার্তো ফিরমিনো ইতিহাদ স্টেডিয়ামের দর্শকদের নিস্তব্ধ করে দেন জয়সূচক গোল করে।
এনফিল্ডে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল সিটিজেনরা। শেষ আটের দ্বিতীয় লেগে মাত্র দ্বিতীয় মিনিটে হেসুসের গোলে ফিরে আসার ইঙ্গিতই দিয়েছিল তারা। কারণ প্রথমার্ধের পুরোটা আধিপত্য ছিল স্বাগতিকদের। বার্নার্ডো সিলভার শট পোস্টে লাগে এবং লেরয় শেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারি আন্তোনিও মাতেউ লাহোজের সঙ্গে বিরতির সময় তর্ক বাধান কোচ পেপ গার্দিওলা। এর শাস্তি হিসেবে বাকি সময় স্ট্যান্ডে বসে খেলা দেখতে হয়েছে ম্যানসিটি কোচকে।
৫৬ মিনিটে সহজেই সমতা ফেরান সালাহ। লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপিয়ান কাপের এক মৌসুমে ৮ গোলের রেকর্ড গড়েন মিশরীয় ফরোয়ার্ড। কাইল ওয়াকারের ভুলে ফিরমিনো ৭৭ মিনিটে করেন দলকে জেতানো গোল।