বার্সেলোনার বিদায়ের খবরকে রসিকতা ভেবেছিলেন ক্লপ

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ৪-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে নামতে যাচ্ছে বার্সেলোনা, প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, কাতালানদের পক্ষে বাজি ধরার লোকের অভাব হবে না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও সেমিফাইনালে ধরে রেখেছিলেন বার্সেলোনাকে। তাই তাদের বিদায়ের খবর তার কাছে মনে হয়েছে ‘রসিকতা’।

শুধু কোয়ার্টার ফাইনাল হতে যাবে কেন, এবারের চ্যাম্পিয়নস লিগে জয়েই ফেভারিট ধরা হচ্ছিল বার্সেলোনাকে। শেষ আটের প্রথম লেগে রোমাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে ছিল তার বড় প্রমাণ। ইতালিয়ান ক্লাবটির ঘরে মাঠে গিয়ে হারলেও টুর্নামেন্ট থেকে বিদায় নেবে স্প্যানিশ ক্লাবটি, এমনটা ভাবার সুযোগ ছিল না। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে রূপকথার জন্ম দিয়ে ঘরের লেগ ৩-০ গোলে জিতে রোমের ক্লাবটি নিশ্চিত করে সেমিফাইনাল। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধান সমান ৪-৪ হলেও বার্সেলোনার মাঠে ১ গোল দিয়ে আসার সুবিধায় নতুন ইতিহাস লেখে রোমা।

একই সময়ে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ৫-১ অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট পায় লিভারপুল। নিজের দলের জয় উদযাপনের সময় বার্সেলোনার বিদায়ের খবর শুনে বিস্ময়ে চোখ কপালে ক্লপের। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বার্সেলোনার ফলের খবরটা রসিকতা ভেবেছিলাম। তার মানে এটা নয় যে, রোমাকে সম্মান দেখাচ্ছি না, ওরাও দুর্দান্ত দল। তবে খবরটা আমাকে অবাক করেছে।’

মনে মনে চ্যাম্পিয়নস লিগের একটা লাইনআপও ঠিক করে রেখেছিলেন ক্লপ। এই কারণে বিস্ময়টা তার আরও বেশি, ‘ভেবেছিলাম ম্যানসিটি-বার্সেলোনা ফাইনাল খেলতে পারে। অথচ দুই দলই বিদায় নিয়েছে।’ মার্কা