সাবিনা-কৃষ্ণাদের সেথু এফসির বিদায়

সাবিনাকে আটকানোর চেষ্টা প্রতিপক্ষ খেলোয়াড়দের (ফাইল ছবি)ভারতীয় মহিলা ফুটবল লিগের ফাইনালে খেলা হলো না সাবিনা-কৃষ্ণাদের। মেয়েদের ফুটবলে বাংলাদেশি দুই তারকার দল সেথু এফসি বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। বৃহস্পতিবার শিলংয়ের জহওরলাল নেহরু স্টেডিয়ামে সেথু এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চাম্পিয়ন ইস্টার্ন স্পোর্টিং।

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২ গোল দিয়ে জয় নিশ্চিত করেছে ইস্টার্ন স্পোর্টিং। ৯৯ মিনিটে প্রমেশ্বরী দেবী এগিয়ে নেন তাদের, ডান প্রান্ত দিয়ে করা আক্রমণ থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার। এরপর ১০৫ মিনিটে মন্দাকিনি দেবী ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণের সঙ্গে ফাইনালে তুনে নেন ইস্টার্ন স্পোর্টিংকে।

সেথু এফসির গুরুত্বপূর্ণ ম্যাচে সুবিধা করতে পারেননি সাবিনা। বাংলাদেশ মহিলা দলের অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সেই দলটি উঠেছিল সেমিফাইনালে। তার জায়গায় বদলি হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার নেমেও দলকে গোল এনে দিতে পারেনি। যদিও এই ফরোয়ার্ড প্রতি আক্রমণ থেকে গোলরক্ষককে একা পেয়ে বল বাইরে না মারলে সেথু এফসি ফিরতে পারতো ম্যাচে।

লিগে ৬ গোল করে দেশে ফিরছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা। সেমিফাইনালে সুবিধা করতে না পারলেও ভারতীয় মহিলা লিগে অংশ নেওয়া প্রথম আসরেই দেখিয়েছেন তার জাদু।

এর আগে রাইজিং স্টুডেন্ট ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে কৃপ্সাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র ছিল। আগামী ১৪ এপ্রিল হবে প্রতিযোগিতাটির ফাইনাল।