ইউরোপা লিগের সেমিফাইনালে আর্সেনাল-অ্যাতলেতিকো

অ্যারন রামসির গোল উদযাপন২-২ গোলে ড্র করেও ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেছে আর্সেনাল। সিএসকেএ মস্কোর মাঠের এই ড্রয়ে ৬-৩ অগ্রগামিতায় শেষ চারে নাম লেখায় ইংলিশ ক্লাবটি। সেখানে তাদের সঙ্গী হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্পোর্তিং লিসবনের বিপক্ষে ১-০ গোলে হেরেও ২-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামের প্রথম লেগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল আর্সেনাল ৪-১ গোলের জয়ে। তবে চ্যাম্পিয়নস লিগে আগের দুই দিন যে উত্তেজনা দেখেছে ফুটবল বিশ্ব, সেখানে আরেকটি রূপকথার জন্ম হতে যাচ্ছিল মস্কোতে। ৫০ মিনিটে দুই গোল দিয়ে সিএসকেএ জমিয়ে দিয়েছিল ম্যাচ।

৩৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ফিওদোর চালোভ। আর ৫০ মিনিটে কিরিল নাবাবকিন জাল খুঁজে পেলে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক উদাহরণের মঞ্চ তৈরি করে ফেলে সিএসকেএ। আর এক গোল করতে পারলেই অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যেত তারা। কিন্তু তা হতে দেয়নি আর্সেনাল। ৭৫ মিনিটে ড্যানি ওয়েলবেকের লক্ষভেদের পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অ্যারন রামসি জাল খুঁজে পেলে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ইংলিশ ক্লাবটি।

লিসবনে অ্যাতলেতিকোকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে নামলেও ম্যাচটি লিসবনের মাঠে হওয়ায় যেকোনও কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ২৮ মিনিটে ফ্রেদি মন্তেরোর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে বিপদের সংকেত পায় মাদ্রিদের ক্লাবটি। তবে আর গোল হতে দেয়নি অ্যাতলেতিকো। ১-০ গোলে হেরেও তাই প্রথম লেগের ফলে ভর দিয়ে ২-১ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল।

তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে অলিম্পিক মার্শেই ও রেড বুল স্লজবার্গ। মার্শেই ৫-২ গোলে রেড বুল লিপজিগকে উড়িয়ে দিয়েছে ৫-৩ অগ্রগামিতায় উঠেছে পরের রাউন্ডে। আর রেড বুল স্লজবার্গ ৪-১ গোলে লাৎসিওকে হারিয়ে পেয়েছে সেমিফাইনালের টিকিট। দুই লেগ মিলিয়ে তাদের অগ্রগামিতা ৬-৫ গোলের। গোল ডটকম