সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। রিয়াল মাদ্রিদও ওই সময় খুব চেষ্টা করেছিল ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে। কিন্তু ‘মেসির সঙ্গে খেলবেন’ বলে বার্সেলোনাকেই বেছে নেন নেইমার। কিন্তু গত গ্রীষ্মের দলবদলে আচমকা ২২২ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে ন্যু ক্যাম্পে ছেড়ে এই ফরোয়ার্ড নাম লেখান প্যারিস সেন্ত জার্মেইয়ে। তবে মৌসুমের মাঝ পথেই শুরু হয়ে যায় তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন। তবে রোনালদো যতদিন সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন, ততদিন এমন কিছু হওয়ার সম্ভাবনা দেখেন না জাহাভি।
পোলিশ সংবাদমাধ্যম ‘প্রেজিগ্লাড স্পোর্টওয়ে’-এর কাছে ইসরায়েলের এই সুপার এজেন্টের বক্তব্য, ‘নেইমার সেটাই করেছেন, যেটা তিনি করতে পারতেন। ফুটবলে মাত্র তিনজন সুপারস্টার- মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার। আর তারা এক ক্লাবে একসঙ্গে খেলতে পারবেন না।’
বার্সেলোনায় তো মেসির সঙ্গে খেলেছেন নেইমার? তার উত্তরটাও দিয়েছেন জাহাভি, ‘বার্সেলোনায় নেইমার সবসময় দুই নম্বর (দ্বিতীয়) ছিল। ফ্রি কিকে দ্বিতীয় পছন্দ, পেনাল্টিতে দ্বিতীয় পছন্দ, সবকিছুতেই দ্বিতীয়। অনেক অল্প বয়সে তিনি এসেছিলেন স্পেনে। এখন বড় হয়েছেন। এই মুহূর্তে তার বয়স ২৬, সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন আট থেকে নয় বছর। তার তো স্বাধীনতা দরকার।’ ইএসপিএন এফসি