সেমিফাইনালে মুখোমুখি রিয়াল-বায়ার্ন, লিভারপুল-রোমা

জমজমাট সেমিফাইনালের মঞ্চ প্রস্তুতচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও রিয়াল মাদ্রিদকে দিতে হবে কঠিন পরীক্ষা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অন্যদিকে বার্সেলোনাকে বিদায় করে দেওয়া এএস রোমার প্রতিপক্ষ লিভারপুল।

শুক্রবার শেষ চারের ড্র ভাগ্য সাজিয়ে দিল আরেকটি জমজমাট লড়াইয়ের মঞ্চ। দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে সেমিফাইনালে ওঠা রিয়ালকে হ্যাটট্রিক শিরোপা জেতার পথে পেরোতে হবে বায়ার্নের বাধা। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। ইউরোপিয়ান টুর্নামেন্টটির ১২তম শিরোপা জেতার পথে জার্মান ক্লাবটিকে মাদ্রিদের অভিজাতরা দুই লেগ মিলিয়ে হারিয়েছিল ৬-৩ গোলে। এবার এক ধাপ এগিয়ে সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি রিয়াল-বায়ার্ন।

তাদের ম্যাচ থেকেও বেশি উত্তাপ ছড়াচ্ছে লিভারপুল-রোমার লড়াই। সেমিফাইনালে ওঠার পথেই নতুন ইতিহাস লিখেছে ক্লাব দুটি। ফেভারিট ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠেছে অলরেডস, আর রোমা? রূপকথার জন্ম দিয়ে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছে প্রতিযোগিতা থেকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ কাতালানরা জিতেছিল ৪-১ গোলে, তাতে সেমিফাইনালে এক পা দিয়েই গিয়েছিল রোমের মাঠে খেলতে। কিন্তু সব সমীকরণ পাল্টে ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রোমা ৩-০ গোলে ম্যাচ জিতে উঠে যায় সেমিফাইনালে।

দুই ফেভারিটকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করা লিভারপুল ও রোমা যখন মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, তখন তাদের নিয়ে একটু বেশি আলোচনা হওয়াই স্বাভাবিক।

২৫ এপ্রিল প্রথম লেগে ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। আর মাদ্রিদে ফিরতি লেগ হবে ১ মে। অন্যদিকে ২৪ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ডে রোমাকে আতিথ্য দেবে লিভারপুল, আর ফিরতি লেগ খেলতে রোমে যাবে ২ মে। গোল ডটকম, মার্কা

সেমিফাইনালের সূচি:

বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ

প্রথম লেগ ২৫ এপ্রিল, ফিরতি লেগ ১ মে।

লিভারপুল-রোমা

প্রথম লেগ ২৪ এপ্রিল, ফিরতি লেগ ২ মে।