ইউরোপা লিগের সেমিতে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আর্সেনাল

Untitled২০০০ সালের পর প্রথমবার ইউরোপা লিগে নেমেই সেমিফাইনালে উঠল আর্সেনাল। ওইবার গ্যালাতাসারেইর কাছে ফাইনালে হারা গানাররা শেষ চারে পাচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

শুক্রবার টুর্নামেন্টের ড্র শেষে আর্সেনাল ও অ্যাতলেতিকো মাদ্রিদের সেমিফাইনাল দ্বৈরথ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে ২-২ গোলে ড্রর পর ৬-৩ অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট পায় আর্সেনাল। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত করতে আর দুটি বাধা পার হতে হবে প্রিমিয়ার লিগের ছয় নম্বর দলকে।

এই লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে অ্যাতলেতিকোকে স্বাগত জানাবে আর্সেনাল। ৩ মে ২০১০ ও ২০১২ সালের চ্যাম্পিয়নদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে নামবে আর্সেন ওয়েঙ্গারের দল।

সেমিফাইনালের আরেক ম্যাচে মার্শেই মুখোমুখি হবে রেড বুল সলজবার্গের। ২৬ এপ্রিল প্রথম লেগে মার্শেইর মাঠে খেলবে অস্ট্রিয়ান ক্লাব। ফিরতি লেগে ৩ মে তারা স্বাগত জানাবে ফরাসি ক্লাবকে। ইএসপিএনএফসি