রিয়ালের বিপক্ষে শঙ্কায় ভিদাল

1156706_imgw968রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগে শঙ্কায় পড়েছেন বায়ার্ন মিউনিখের আরতুরো ভিদাল। তার হাঁটুর একটি ছোট অস্ত্রোপচার করাতে হবে নিশ্চিত করলেন কোচ ইয়ুপ হেইঙ্কেস।

রবিবার অনুশীলনের সময় ডান হাঁটুতে ব্যথা পান ভিদাল। হেইঙ্কেস বলেছেন, হাঁটুর সংযোগস্থলে ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে চিলির তারকাকে। এজন্য কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তবে বায়ার্ন কোচ আশা ছাড়ছেন না, ‘সে লড়াকু। আমি আত্মবিশ্বাসী সে ফিরবে।’ ভিদালের না থাকা আরেকটি কারণে বড় ধাক্কা। জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনের মাঠেও দেখা যাবে না তাকে। এমনকি পরের বুধবার রিয়ালের বিপক্ষে প্রথম লেগেও অনিশ্চিত ৩০ বছর বয়সী।

১৭ এপ্রিল বায়ারের বিপক্ষে ট্রেবল জয়ের মিশন অটুট রাখতে জার্মান কাপের সেমিফাইনাল খেলবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। এরপর ২৫ এপ্রিল ও ২ মে হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ। গোল ডটকম