বার্সা প্রেসিডেন্টের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনিয়েস্তা

andres-iniesta-afp_806x605_51507301881এই মৌসুম শেষে বার্সেলোনার ‘বিদায়ী’ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে শ্রদ্ধা জানালেন ক্লাব প্রেসিডেন্টে হোসেপ মারিয়া বার্তোমেউ। ২০০৪ সালের পর থেকে তাকে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বললেন তিনি।

শোনা যাচ্ছে, এই মৌসুম শেষে ইনিয়েস্তার ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা আসবে শুক্রবার। তার আগে কাতালানদের জার্সিতে ১৬টি শিরোপা জয়ী এই মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন ক্লাব প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘২০০৪ সাল থেকে এখন পর্যন্ত, (ইনিয়েস্তা) আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারণ রাইকার্ডের (ফ্রাঙ্ক) পর থেকে প্রত্যেক কোচের প্রকল্পে সে ছিল।’

অবশ্য ইনিয়েস্তার ভবিষ্যৎ নিয়ে খোলাসা করে কিছু বলেননি বার্তোমেউ, ‘(তার ভবিষ্যৎ) অবশ্যই ইনিয়েস্তা বলবে। সে এর ব্যাখ্যা দেবে। আমি এনিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। তার এমন দারুণ ক্যারিয়ারের পর তাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। ইনিয়েস্তার মতো ছেলেকে প্রত্যেক বাবা-মা চায়।’

আগামী রবিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ড্র করলেও বার্সার হয়ে নবম লা লিগা শিরোপা জিতবেন ইনিয়েস্তা। গোল ডটকম