বিশ্বকাপ খেলবেন না ইব্রাহিমোভিচ

ইব্রাঅবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। তাই রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলা এই স্ট্রাইকারকে।

ইব্রাহিমোভিচকে ছাড়াই ২০১৮ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইডেন। দুই বছর আগের ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকা দিনকয়েক আগে ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রতিযোগিতায় তিনি থাকবেন। তবে কী হিসেবে থাকবেন, সেটা জানাননি। ‘বিশ্বকাপে আমি থাকব’- ওই মন্তব্যে সুইডেন সহ বিশ্বের সব ইব্রা ভক্ত আশায় বুক বেঁধেছিলেন তাদের প্রিয় তারকাকে ফুটবল মহাযজ্ঞে দেখার। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছেন সুইডিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লারস রিখৎ।

সুইডিশ ফুটবল প্রধান নিশ্চিত করেছেন, অবসর ভেঙে বিশ্বকাপে ফিরবেন না ইব্রাহিমোভিচ। তিনি বলেছেন, ‘মঙ্গলবার আমার কথা হয়েছে জ্লাতানের (ইব্রাহিমোভিচ) সঙ্গে। ও জানিয়েছে সিদ্ধান্ত বদল করবে না। তাই বলতেই হচ্ছে (বিশ্বকাপে) থাকবে না সে।’

সুইডিশ স্ট্রাইকার ইউরোপের বড় বড় সব ক্লাবে খেলেছেন। যার মধ্যে রয়েছে আয়াক্স, বার্সেলোনা, জুভেন্টাস ও ইন্টার মিলান। এরপর প্যারিস সেন্ত জার্মেই হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুদিন কাটিয়ে এখন পাড়ি জমিয়েছেন মেজর সকার লিগে। জাতীয় দলের জার্সিতে ইব্রা ১১৬ ম্যাচে করেছেন ৬২ গোল।

সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছেন এই স্ট্রাইকার। তবে সুযোগ হয়নি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে যখন জায়গা পেল সুইডেন, তখন আবার জাতীয় দলকে বিদায় বলেছেন তিনি। বিবিসি