রিয়াল-লিভারপুলের লড়াইয়ের পাশাপাশি আগামী ২৬ মে কিয়েভে ফাইনাল আভাস দিচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদো ও সালাহর দ্বৈরথ। দুজনেই চ্যাম্পিয়নস লিগে দুরন্ত ফর্মে আছেন এবার। এই মৌসুমে ১২ ম্যাচে রোনালদোর গোল ১৫টি, আর দুই ম্যাচ বেশি খেলে চার গোল পেছনে আছেন সালাহ।
প্রতিপক্ষ লিভারপুল নিশ্চয় রোনালদোকে নিয়ে ছক কষবে, কিন্তু রিয়ালের সালাহকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই। দ্য মিররকে রামোস বলেছেন, ‘এই মৌসুমে সালাহ কী করেছে সেটা আমরা দেখেছি। কিন্তু লিভারপুলের বিপক্ষে মাঠে নামার পর সে শুধু ১১ খেলোয়াড়ের একজন হবে।’
সালাহকে শ্রদ্ধা করলেও তাকে নিয়ে ভীত নয় রিয়াল অধিনায়ক, ‘আমার পুরো ক্যারিয়ারে আমি বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে অনেককে সর্বকালের সেরা বলা হতো। আমার কাছে কখনোই ভয় বলে কিছু নেই। হ্যাঁ শ্রদ্ধা আছে, কিন্তু ভয় নয়।’
লিভারপুলকে ফাইনালে দেখে চমকে গেছেন রামোস। কিন্তু পাঁচ মৌসুমে চতুর্থ ফাইনালে অপ্রত্যাশিত এই প্রতিপক্ষকে হারাতে মরিয়া তার দল, ‘আমরা উদ্ধত হতে পারি না। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি চ্যাম্পিয়নস লিগ জয় রিয়াল মাদ্রিদের ডিএনএতে আছে। দ্বিতীয়বার আমরা শিরোপা হাতে রেখে দিতে প্রস্তুত, সহজে ছেড়ে দেবো না। শ্রদ্ধা রেখে বলছি, মৌসুমের শুরুতে হয়তো কেউই লিভারপুলকে ফাইনালে দেখেনি। কিন্তু তারা সেখানে, কারণ তারা সেটা দাবি রাখে। আমরা দল হিসেবে জানি ফাইনাল কীভাবে খেলতে হয় এবং আমরা প্রস্তুত থাকব।’ গোল ডটকম