শুক্রবার রাতে ম্যানইউকে হারিয়ে সামনের মৌসুমের প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত করেছে ব্রাইটন। ৫৭ মিনিটে পাসকল গ্রোবের গোলটিই জয় পাইয়ে দিয়েছে তাদের।
সানচেস ও লুকাকুবিহীন ম্যানইউয়ের আক্রমণভাগ ছিল দুর্বল। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করতে পারেনি বলেই চলে। বিপরীতে রেলিগেশন শঙ্কায় থাকা ব্রাইটন জয়ের শপথ নিয়েই নেমেছিল মাঠে। ৫৭ মিনিটে সেটা পেয়েও যায় স্বাগতিকরা। গ্রোবের হেড থেকে এগিয়ে যায় ব্রাইটন।
এই মিডফিল্ডারের হেড গোললাইন থেকে ফিরিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। তবে ‘গোললাইন প্রযুক্তিতে’ রেফারি বাজান গোলের বাঁশি। এই হারে ৩৬ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ব্রাইটনের পয়েন্ট ৪০।
ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়েছে পিএসজি। আমিয়েঁর মাঠে দুইবার এগিয়ে গিয়েও ড্র করে ফিরতে হয়েছে আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়া প্যারিসের ক্লাবটি।
২৬তম মিনিটে এদিনসন কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে আমিয়েঁ সমতায় ফেরে মুসা কোনাতের লক্ষ্যভেদে। ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি ক্রিস্তোফার কুঁকুর লক্ষ্যভেদে। যদিও ৮০তম মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে মুসা দ্বিতীয়বার জাল খুঁজে পেলে। গোল ডটকম