রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে আসছে এএফসি প্রতিনিধি

দৃতুকবাবাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই উপলক্ষে দুজন কর্মকর্তা ঢাকায় আসবেন।

বাংলাদেশের এই শরণার্থী শিবিরে আসতে আগ্রহী দুজন হলেন এএফসি সভাপতির উপদেষ্টা ডেভিড মাইকেল বোরজা ও সোশ্যাল রেসপনসিবিলিটি ইউনিটের হেড ডক্টর আন্নাথুরাই রঙ্গনাথান।

আগামী ৭ মে বাফুফে ও শিক্ষা মন্ত্রণালয়সহ আরও একাধিক সংস্থার সঙ্গে তারা সভা করে নিজেদের কর্মসূচি নির্ধারণ করবেন।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসির দুজন কর্মকর্তা ঢাকায় আসছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য কী কী করা যায়, সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন তারা। সভা হবে ৭ মে। সেখানে অন্যদের সঙ্গে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর’র প্রতিনিধিরাও থাকবেন। আমরা ৮ মে কক্সবাজার যাব। সেখানে সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নেব কী করা যায়। তবে আমরা ফুটবলের শক্তি কাজে লাগাব।’

এএফসির সঙ্গে গত বছরের জুনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রামও করেছে এশিয়ান ফুটবলের শীর্ষ প্রতিষ্ঠান।