বড় হারে শেষ বাংলাদেশের প্রথম ফুটসাল

চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের আক্রমণমালয়েশিয়া ও ভিয়েতনামের পর মেয়েদের এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। রবিবার ৬-১ গোলে তাদের উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে।

দেশের ইতিহাসে প্রথম ফুটসাল খেলতে থাইল্যান্ড গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বড় কিছুর প্রত্যাশা একেবারেই ছিল না সাবিনা খাতুনদের। প্রথম ফুটসালে অভিজ্ঞতা অর্জনই ছিল মূল লক্ষ্য। বড্ড বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের হারটি ছিল ৭-০ গোলে।

ব্যাংককের হুয়ামার্ক স্টেডিয়ামে নবাগত বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে চার গোল করে তাইপে। প্রথম মিনিটে গোল হজম করে সাবিনারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তাইপে। বাংলাদেশ সুযোগ তৈরি করে লড়াইয়ে ফিরতে চেয়েছিল। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থ তারা। সানজিদা আক্তার ও মারিয়া সুযোগ নষ্ট করেন।

বাংলাদেশের একমাত্র গোলটি করেন সাবিনা। মারিয়ার বানিয়ে দেওয়া বলে ২৩ মিনিটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।

শেষ ম্যাচ খেলার পর স্বস্তির জায়গা খুঁজে পেয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমি মনে করি, প্রথম দুই ম্যাচে যা শিখেছে সেটা দেখিয়েছে আমাদের মেয়েরা। আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তারা ফুটসালে নতুন। তারা ভালো ফুটসাল দল হবে মনে করি। তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং আজ আমরা চার থেকে পাঁচটি সুযোগ পেয়েছিলাম। তারা খুব ভালো করেছে।’