রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য খুব একটা চিন্তিত নন। ফরাসি কিংবদন্তি জানিয়েছেন, কিয়েভে লিভারপুলের বিপক্ষে ফাইনালের আগে ফিট হয়ে যাবেন দলের সেরা অস্ত্র।
ন্যু ক্যাম্পের এল ক্লাসিকো ড্র হয়েছে ২-২ গোলে। দুইবার এগিয়ে গিয়েও ১০ জনের বার্সেলোনাকে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। লুই সুয়ারেসের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা, তবে জবাবটা দ্রুতই রিয়াল দেয় রোনালেদোর গোলে। ১৪তম মিনিটে ওই গোলের সময়ই জেরার্দ পিকের ট্যাকলে অ্যাঙ্কেলে আঘাত পান তিনি। চিকিৎসাও নিতে হয়েছিল তাকে, যদিও খেলা চালিয়ে গেছেন। তবে দ্বিতীয়ার্ধে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে আর মাঠে নামাননি জিদান।
রোনালদোর চোটের অবস্থা নিয়ে তাই প্রশ্ন উঠেছিল ম্যাচ শেষে। জিদান জানিয়েছেন, সোমবার স্ক্যান করা হবে তার, এরপরই জানা যাবে চোটের অবস্থা। যদিও চিন্তিত নন ফরাসি কোচ, ‘(চ্যাম্পিয়নস লিগ) ফাইনাল নিয়ে আমরা চিন্তিত নই। এই মুহূর্তে ও খুব একটা ভালো নেই, তবে আমার মনে হয় অবস্থা খুব একটা গুরুতর নয়।’ তাহলে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে? এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি জিদান, ‘জানি না ঠিক কত সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কাল (সোমবার) ওর স্ক্যান করা হবে।’
বার্সেলোনার বিপক্ষে চলতি লা লিগার ২৫তম গোল পেয়েছেন রোনালদো। পিচিচি ট্রফি দৌড়ে অবশ্য অনেকটা পিছিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৩৩) থেকে। বিবিসি