সানশাইন স্কুল ক্রিকেটারদের উদযাপনজাতীয় স্কুল ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল ও রংপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা যোগ দিলো সুনামগঞ্জের সরকারি জুবিলি হাই স্কুল ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে।
বৈরী আবহাওয়ায় এবার ম্যাচ না খেলেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। সেখানে জয়ী হয়েছে তামিম ইকবালের শৈশবের স্কুল সানশাইন গ্রামার স্কুল। মৌলভীবাজার স্টেডিয়ামে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টস ভাগ্যে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।
চেহেল গাজীর উল্লাসএদিকে, ভেজা আউট ফিল্ডের কারণে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল নামিয়ে আনা হয় ৩০ ওভারে। বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি হাই স্কুলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ।
বৈরী আবহাওয়া মাথায় রেখে একদিন এগিয়ে আনা হয়েছে সেমিফাইনাল, থাকছে রিজার্ভ ডে। বুধবার সেমিফাইনালে মুখোমুখি সরকারি জুবিলি হাই স্কুল ও সানশাইন গ্রামার স্কুল।