এই শিরোপা জয়ে ঘরোয়া ট্রেবল জিতে মৌসুম শেষ করতে যাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও ফ্রান্সের ঘরোয়া ফুটবলে দাপট দেখিয়েছে আরেকবার। ফরাসি লিগ কাপের ফাইনালে মোনাকোকে হারিয়ে জেতে প্রথম শিরোপা, এরপর ফরাসি লিগের শিরোপাও করে পুনরুদ্ধার, আর এবার কাপের ট্রফিটাও জিতে নিয়েছে উনাই এমেরির দল।
স্তাদিও দে ফ্রান্সের ফাইনালে পিএসজির জয়ের নায়ক জিওভানি লো চেলসো ও এদিনসন কাভানি। তৃতীয় বিভাগের দল লে হেরবিয়েরসের বিপক্ষে ২৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডারের লক্ষ্যভেদে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি, আর ৭৪ মিনিটে পেনাল্টি থেকে কাভানি জাল খুঁজে পেলে শিরোপা উৎসবে মাতে তারা।
এবার দিয়ে টানা চতুর্থবার ফরাসি কাপের শিরোপা জিতলো পিএসজি। ২০১৫ থেকে শুরু, এরপর ২০১৬ ও ২০১৭ সালের সাফল্যের ধারা সচল রাখল এবারের মৌসুমেও।
এই ফাইনাল তো বটেই, পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকার এবার দিয়ে ঘরোয়া কাপ ফাইনালের ৯ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ১১বার। যেখানে ফরাসি কাপের চার ফাইনালে গোল তিনটি, আর ফরাসি লিগ কাপ ফাইনালের পাঁচ ম্যাচে করেছেন ৮ গোল। গোল ডটকম