‘ইনিয়েস্তা প্রত্যেক ম্যাচেই কিছু শেখায়’

downloadবিদায়ের সুর বেজে উঠেছে বার্সেলোনায়। বিদায় দিতে হবে অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে। লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলেই প্রিয় ক্লাবের জার্সি চিরদিনের জন্য তুলে রাখবেন ইনিয়েস্তা। শেষ বেলায় চমৎকার পারফরম্যান্স করে রাঙাচ্ছেন তিনি। বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলের জয়ে ‍দুটি অ্যাসিস্টে প্রশংসিত হলেন স্প্যানিশ বিশ্বকাপ জয়ী তারকা।

লা লিগা চ্যাম্পিয়নদের কোচ এরনেস্তো ভালভারদে বলেছেন, ইনিয়েস্তা এখনও যে ফর্মের তুঙ্গে আছেন সেটার প্রমাণ রেখে চলেছেন। তার মতে, প্রত্যেক ম্যাচেই এই মিডফিল্ডারের কাছে কিছু শিখছেন তিনি।

ভিয়ারিয়ালের বিপক্ষে ন্যু ক্যাম্পে লিওনেল মেসিকে তৃতীয় গোলটি বানিয়ে দেন ইনিয়েস্তা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বল তুলে দেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন চমৎকার শটে। তার আগে পাউলিনিয়োর গোলেও পরোক্ষ অবদান ছিল ইনিয়েস্তার।

ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের ভূয়সী প্রশংসা করেছেন ভালভারদে, ‘প্রত্যেক ম্যাচে ইনিয়েস্তা আপনাকে কিছু না কিছু শেখায়। তাকে নিয়ে এর বেশি কিছু বলার নেই। সে সবসময় ছন্দে, ঠিক মেসি যেমন। এই মুহূর্তে তাকে আমরা উপভোগ করছি।’

বড় জয়ে দেম্বেলে শেষ দিকে জোড়া গোল করেছেন। পাউলিনিয়ো ও মেসির সঙ্গে গোলদাতার খাতায় নাম লিখেছেন ফিলিপ্পে কৌতিনিয়ো। কিন্তু ইনিয়েস্তার পারফরম্যান্স বেশি দাগ কেটেছে ডিফেন্ডার নেলসন সেমেদোর মনে। তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে সে (ইনিয়েস্তা) বড় একটা শূন্যতা রেখে যাবে। সে চলে যাচ্ছে, এটা কষ্টের। কিন্তু এটাই তো জীবন।’ গোল ডটকম