জিদান একদিন ফ্রান্সের কোচ হবে: দেশম

জিদান ও দেশমফ্রান্স কোচ দিদিয়ের দেশমের দৃঢ় বিশ্বাস, একদিন লে ব্লুদের দায়িত্ব নেবেন জিনেদিন জিদান।

রিয়াল মাদ্রিদকে হ্যাট্রটিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর এক সপ্তাহ না যেতে কোচের দায়িত্ব ছেড়েছেন জিদান। এবার তাকে জাতীয় দলে দেখার প্রত্যাশা জানালেন ফ্রান্সের বর্তমান কোচ।

১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জয়ী ফ্রান্স দলে জিদানের সঙ্গে খেলেছেন দেশম। এবার সাবেক অধিনায়ককে নিজের উত্তরসূরি হিসেবে দেখছেন তিনি, ‘আমার হাতে এর (জাতীয় দল) চাবিকাঠি নেই, আমার প্রেসিডেন্টের কাছে আছে।’

জিদানের সিদ্ধান্ত নিয়ে দেশমের প্রতিক্রিয়া, ‘আমি জানি না (জিদান) কী সিদ্ধান্ত নিয়েছে। এখন সে বিশ্রাম নেবে পরিবার ও তার ভালোবাসার মানুষের সঙ্গে। সে কোনও এক সময় কোচ (ফ্রান্সের) হবে। কখন? আমি বলতে পারছি না। কিন্তু আমার কাছে এটা যৌক্তিক মনে হয়। যখন ঘটার এটা ঘটবে।’

২০২০ সাল পর্যন্ত ফ্রান্সের সঙ্গে দেশমের বর্তমান চুক্তির মেয়াদ। জিদানের কাছে তার জায়গা হারানোর কোনও আশঙ্কা আছে কিনা প্রশ্নে বলেছেন, ‘আমি এনিয়ে ভাবি না। এটা কোনও ব্যাপার নয়। আমার আন্তরিকতা ও একাগ্রতাকে হারাতে পারবে না কিছু। কিন্তু আমি আশা করব এ ধরনের প্রশ্ন করার সুযোগ আপনারা টুর্নামেন্ট শেষে পাবেন।’ ইএসপিএনএফসি