আগামী চার মাসের ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা দারুণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কাজী নাবিল। এজন্য তাদের ক্যাম্পে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আগামী জুলাইয়ের শেষ দিকে বন্ধুপ্রতীম দেশে গিয়ে প্রীতি সহ অফিসিয়াল ম্যাচ খেলার লক্ষ্য আমাদের। আগস্টে এশিয়ান গেমসের আগে অনূর্ধ্ব-২৩ দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচও খেলা হতে পারে। উদ্দেশ্য- যেন আমাদের টিমকে পুর্ণাঙ্গ একটি দল বানাতে পারি।’
তিনি আরও বলেছেন, ‘এজন্য সবার সহযোগিতা ও সহায়তা চাওয়া হয়েছে। আমাদের এখানে যারা অভিজ্ঞ সংগঠক ও সাবেক খেলোয়াড় আছেন, তাদের ক্যাম্পে পরিদর্শন করে বিভিন্নভাবে খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য বলেছি।’
এখন স্থানীয় কোচদের অধীনে জাতীয় দলের আবাসিক অনুশীলন চলছে। নতুন ইংলিশ কোচ জেমি ডের আসার কথা ছিল ৯ জুন। কিন্তু টিমস কমিটি তাকে এখনই আনতে চায় না। ঈদের ছুটির পরেই নতুন কোচকে ঢাকায় আনার পক্ষে তারা।
শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে কোচের আসা নিয়ে কাজী নাবিল বলেছেন, ‘নতুন কোচের বিষয়টি বোর্ড অনুমোদন দিয়েছে। সহকারী এবং গোলকিপার কোচের বিষয়টিও জানানো হয়েছে। তাদের প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাহী কমিটিকে আবারও জানানো হবে। জাতীয় দলের নতুন কোচ ৯ জুন আসতে প্রস্তুত। তবে তাকে এখনই আনলে তো কোনও লাভ হবে না, বসে থাকতে হবে। কারণ ঈদের ছুটি আছে। তাই তাকে ঈদের পর আনা হবে।’