স্কটল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি সালমারা

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (ফাইল ছবি)ছেলেদের ক্রিকেট উল্টো পথে হাঁটলেও মেয়েদের ক্রিকেটের সাফল্যের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার প্রস্তুতি নিচ্ছে মেয়েরা। মূল লড়াই শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে নিয়েছে সালমারা।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের করা ৪৭ রানের সহজ লক্ষ্য ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই টপকে যায় বাংলাদেশের মেয়েরা।

রটারডামের ভিওসি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ড অলআউট মাত্র ৪৭ রানে। প্রথম উইকেটটি পেসার পান্না ঘোষ এনে দিলেও স্কটল্যান্ডের পরের ৮ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের চার স্পিনার। ১ রান খরচে ৩ উইকেট পেয়েছেন ফাহিমা, ৮ রানে ২ উইকেট নিয়েছেন রুমানা, ১০ রানে ২ উইকেট পেয়েছেন লিলি রাণী বিশ্বাস, আর ২ রানে ১ উইকেট খাদিজা-তুল কুবরার।

স্কটল্যান্ডের মাত্র দুই খেলোয়াড় দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। র‌্যাচেল স্কলেশ সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ আসে লর্না জ্যাকের (১১) কাছ থেকে।

৪৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার শামিমা সুলতানা বিদায় নিলে কিছুটা অস্বস্তির জন্ম হয়। যদিও সেটা বেশিক্ষণ থাকতে দেননি আয়েশা রহমান ও শারমিন সুলতানা। তারা বাংলাদেশের জয় নিশ্চিত করেই ছাড়েন মাঠ। আয়েশা অপরাজিত ছিলেন ২৩ রানে, আর শারমিন খেলেন হার না মানা ১৮ রানের ইনিংস।

আগামী ৭ থেকে ১৪ জুলাই হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। আট দলের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপের চার দল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা।

৭ জুলাই প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।