ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে নেইমার না থাকলেও প্রত্যাশিতভাবে আছে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দিতে যাওয়া পুরস্কারটির আগের দুইবারই জিতেছেন রোনালদো। ‘হ্যাটট্রিক’ করারও সম্ভাবনা রয়েছে তার রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়নস লিগের জেতায়।
২০১৮ সাল বিশ্বকাপের বছর, তাই রাশিয়ার ফুটবল মহাযজ্ঞ স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে এবারের ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া লুকা মদরিচের সঙ্গে ‘দ্য বেস্ট’ হওয়ার দৌড়ে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে ও রাফায়েল ভারান।
বিশ্বকাপে আলো ছড়ানো বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ডের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপ খুব একটা ভালো না কাটলেও ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন এই মিশরীয় ফরোয়ার্ড।
২৪ সেপ্টেম্বর লন্ডনের জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণার আগে ফিফার প্যানেল বাছাই করে দিয়েছে ১০ খেলোয়াড়কে। যেখান থেকে ‘দ্য বেস্ট’ নির্বাচন করা হবে জাতীয় দলের খেলোয়াড় ও কোচের সঙ্গে নির্বাচিত সংবাদিক এবং ভক্তদের ভোটের মাধ্যমে।
মনোনয়ন পাওয়া ১০ খেলোয়াড়:
ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
আন্তোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স/অ্যাতলেতিকো মাদ্রিদ)
এডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)
হ্যারি কেইন (ইংল্যান্ড/টটেনহাম)
কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/প্যারিস সেন্ত জার্মেই)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)
রাফায়েল ভারান (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)