ইতালিয়ান কোচ মনে করেন, পর্তুগাল সুপারস্টারের আগমন জুভেন্টাসের জন্য পরের মৌসুমকে আগের চেয়ে কঠিন করে তুলবে। রোনালদোকে নিয়ে অতি উচ্ছ্বাস ক্লাবের জন্য ভালো নয় বললেন অ্যালেগ্রি।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে চুক্তি করেছেন। ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিতে আরেকটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেতে চান রোনালদো। তাছাড়া নতুন লিগেও চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা তার।
রোনালদোকে পেয়ে দল আরও শক্তিশালী মানলেও সতর্ক অ্যালেগ্রি। তার মতে এই চুক্তির কারণে লিগ শিরোপা ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়বে জুভেন্টাসের জন্য, ‘ক্রিস্তিয়ানোর অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা। আমাদের অনেক সহায়তা করবে সে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নিয়ে এখন অনেক বেশি উচ্ছ্বাস এবং এটা ভালো নয়। অন্য সময়ের চেয়ে এই বছর অনেক বেশি কঠিন হবে।’
নিজের মতের ব্যাখ্যা দিলেন জুভেন্টাসের কোচ, ‘প্রতিপক্ষরা এখন অনেক বেশি আগ্রাসী হবে কারণ আমরা অনেক ম্যাচ জিতেছি এবং তার মতো চমৎকার খেলোয়াড় আমাদের আছে। তারা এটা মেনে নেবে এবং তারা আরও বেশি উজ্জীবিত থাকবে।’
জুভেন্টাসের জার্সিতে রোনালদোকে দেখার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। কারণ তিনি খেলছেন না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। শিয়েভোর বিপক্ষে সিরি এ’র উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে পর্তুগালের ইউরো জয়ী অধিনায়ককে। গোল ডটকম