রোনালদোর জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচে বায়ার্নের ‘না’

রোনালদোঅন্য কোনও খেলোয়াড় নয়, তিনি ক্রিস্তিয়ানো রোনালদো। যাকে পাওয়ার জন্য ইউরোপিয়ান ক্লাবগুলো দাঁড়িয়ে ছিল লাইন ধরে। যদিও বায়ার্ন মিউনিখ সেই দলের নয়। পর্তুগিজ যুবরাজের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি নয় জার্মান ক্লাবটি।

এবারের গ্রীষ্মের দলবদলে সবচেয়ে বড় খবর রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়া। ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ উইঙ্গারকে নিয়ে এসেছে ইতালিয়ান ক্লাবটি। তার মতো বিশ্বসেরা খেলোয়াড়কে দলে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু চুক্তির আলোচনা যদি বায়ার্নের সঙ্গে হতো, তাহলে? জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে স্পষ্ট জানিয়েছেন, সাবেক রিয়াল তারকার জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে মোটেও আগ্রহী নয় তারা।

সাফল্যের বৃষ্টি ঝরিয়েছেন তিনি রিয়ালে কাটানো ৯ বছরে। গোলের পর গোল করে ক্লাব ইতিহাসের তো বটেই, বিশ্ব ফুটবলেরও অনেক রেকর্ড নতুন করে লিখেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এককথায় বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। এরপরও তার পেছনে এত অর্থ খরচ করতে মোটেও রাজি নয় বায়ার্ন।

বয়সটাই এখানে সবচেয়ে বড় বাধা তাদের কাছে। ৩৩ পেরিয়ে যাওয়া একজন খেলোয়াড়ের পেছনে ১০০ মিলিয়ন ইউরো খরচের কোনও যৌক্তিকতা খুঁজে পান না রুমেনিগে। বায়ার্নের প্রধান নির্বাহীর বক্তব্য, ‘আমরা বায়ার্ন মিউনিখে ৩৩ বছর বয়সী একজনের পেছনে এত অর্থ বিনিয়োগ করতে চাই না। এই দলবদলে মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

জুভেন্টাসের চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেলি বড় ব্যবসায়িক চিন্তা-ভাবনা থেকে রোনালদোকে দলে নিয়েছেন বলে মনে করেন রুমেনিগে। অবশ্য রোনালদোর সামার্থ্য নিয়ে কোনও প্রশ্ন নেই তার মনে, ‘এখন পর্যন্ত এই দলবদলটি সবচেয়ে বেশি আলোচনায়। আর এটার কারণও আমি বুঝতে পারছি। এমন একজন খেলোয়াড়ের দলবদল, যে রিয়ালের হয়ে গত কয়েক বছরে সবকিছু জিতেছে। সে পাঁচবার সেরা খেলোয়াড় হয়েছে, তাই সব মিলিয়ে সে গ্রেট ফুটবলার।’ সঙ্গে যোগ করেছেন, ‘তবু আমি বিস্মিত হয়েছি আগনেলি পরিবারের ব্যবসায়িক চিন্তা-চেতনায়।’ গোল ডটকম