সাফের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

সাফ ফুটবলের আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশআগামী দেড় মাস ভীষণ ব্যস্ততায় কাটবে জাতীয় ফুটবল দলের। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে খেলবে প্রথমে। দেশে ফিরেই সাফ ফুটবলের চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

এশিয়াডে কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজের দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার। ১৮ আগস্ট এশিয়াড শুরু হলেও ফুটবলের লড়াই শুরু হবে আগেই। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ আগস্ট, উজবেকিস্তানের বিপক্ষে। ১৬ আগস্ট থাইল্যান্ড ও ১৯ আগস্ট কাতারের সঙ্গে লড়াই।

দেশে ফেরার পর সাফ ‍ফুটবলের প্রস্তুতি শুরু করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘২৯ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে নীলফামারীতে।’

শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের কোচ জেমি ডে’র মন্তব্য, ‘এশিয়াডে অনূর্ধ্ব-২৩ দল খেলবে, তবে তেইশের বেশি তিন জন খেলার সুযোগ পাবে। এশিয়াড শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই হবে সাফ ফুটবল। তার আগে শ্রীলঙ্কা ম্যাচে তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞদের পরখ করার সুযোগ পাবো।’

আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, ভুটান ও নেপাল। বি’ গ্রুপের তিন দল ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।