ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ায় নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে জোরে। ব্রাজিলিয়ান তারকা লা লিগার ক্লাবে যোগ দিয়ে দিচ্ছেন, এমন খবরও ছাপে ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম। যদিও দলবদলের বাজারে ওঠা গুঞ্জনটা বাতাসে মিলিয়ে যায় নেইমারের বক্তব্যে। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নিশ্চিত করেন, প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।
যদিও ফুটবলে ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই কোনও মন্তব্য করা যায় না বলে জানিয়েছেন রিভালদো। পেশাদার জীবনে যে কোনও মুহূর্তে মোড় পাল্টে যাওয়ার কথা উল্লেখ করে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানিয়েছেন, কোনও একদিন নেইমার যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে এক সংবাদমাধ্যমকে রিভালদো বলেছেন, ‘সম্ভবত নেইমার এবারের মৌসুমটা ফ্রান্সেই কাটাবে, তবে ফুটবলে আপনি আগে থেকে কোনোভাবেই বলতে পারবেন না পরের দিন কী হবে। দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে যে কোনও কিছু হতে পারে।’
নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনাও তাই উড়িয়ে দিচ্ছে না ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা, ‘পিএসজিতে থাকা নিয়ে ও (নেইমার) যেটা বলেছে, সেটা আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তবে আমি যেটা শুনতে পাচ্ছি, সেটা হলো- এখনই কিংবা পরে, ও রিয়াল মাদ্রিদে যাচ্ছে।’
রিভালদোর সাবেক ক্লাব বার্সেলোনা চলতি মৌসুমে দলে ভিড়িয়েছে দুই ব্রাজিলিয়ান আর্থার ও ম্যালকমকে। কাতালানদের নতুন দুই সদস্য নিয়ে রিভালদোর বক্তব্য, ‘ম্যালকম ও আর্থারকে দলে ভিড়িয়ে দারুণ বিনিয়োগ করেছে বার্সেলোনা। ওরা তরুণ, দক্ষ খেলোয়াড়। এই কারণে ক্লাব দুটো দিকে লাভবান হবে। সেটা হলো- মাঠে তাদের খেলার মাধ্যমে কিংবা তাদের অন্য ক্লাবে বিক্রি করে।’ গোল ডটকম