জুভেন্টাসের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে

ক্রিস্তিয়ানো জুনিয়রগ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার তার ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও নাম লেখালো তুরিনের ক্লাবে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-৯ দলে অনুশীলন শুরু করেছে পর্তুগিজ তারকার ছেলে।

১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন রোনালদো। নতুন ঠিকানা জুভেন্টাসের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। ইতালিয়ান লিগে যোগ দেওয়ায় পরিবারকে সঙ্গে নিয়ে তুরিনে নতুন বাড়িতে উঠেছেন তিনি। ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও এসেছে তার সঙ্গে।

বাবার ক্লাবেই অনুশীলন শুরু করছে সে। জুভেন্টাসের ‘পুলসিনি ২০১০’ দলে যোগ দিয়েছে রোনালদোর ছেলে। ২০১০ সাল কিংবা তার পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে দলটি। যে দলে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ছেলে ছাড়াও অনুশীলন করেছে জুভ ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলির ছেলে।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা স্তাম্পা’র খবর, শিগগিরই ‘পুলসিনি ২০০৯’ দলে যোগ দিতে যাচ্ছে সে। জুভেন্টাসের বয়সভিত্তিক দলে অনুশীলন করার আগে রিয়াল মাদ্রিদের যুব দলে খেলেছে ৮ বছরের ক্রিস্তিয়ানো জুনিয়র।

এবারের গ্রীষ্মের আগে জুভেন্টাসের মূল দল অনুশীলন করতো ভিনোভোতে, যেখানে এখন ক্লাবের বয়সভিত্তিক দলের কার্যক্রম চলছে। আর মূল দলের অনুশীলন ক্যাম্প হয়েছে কোন্তিনাসায়, আলিয়াঞ্জ স্টেডিয়াম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। ইএসপিএনএফসি