১৫ বছর আগে নিজ দেশে প্রথমবার সাফ আয়োজন করেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর তারা ফেভারিট হয়েই পাকিস্তানে গিয়েছিল। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে যায় ক্রুসিয়ানির দল। এবার তৃতীয়বার আয়োজক বাংলাদেশ। ২০০৩ সালের মতো আবারও শিরোপা উৎসব করবে তারা, এই কামনা করছেন ক্রুসিয়ানি। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে সাফের ১২তম আসর। উদ্বোধনী দিনেই তারা লড়বে ভূটানকে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।
২০০৯ সালের পর স্বাগতিক হিসেবে খেলতে নামা বাংলাদেশের সফলতা প্রত্যাশা করছেন সাবেক এই কোচ, ‘বাংলাদেশের প্রতি সবসময় আমার দুর্বলতা কাজ করে। আমি চাই বাংলাদেশ এবার (সাফে) ভালো করুক। পুরো দলের প্রতি আমার শুভকামনা।’
একই সঙ্গে বাংলা ট্রিবিউনের কাছে বাংলাদেশের সবশেষ ফাইনালের স্মৃতিচারণ করলেন ক্রুসিয়ানি, ‘আমরা পাকিস্তানে গিয়েছিলাম ভালো প্রস্তুতি নিয়ে। গ্রুপে ভালো পারফরম্যান্সও করেছিল এমিলি-কাঞ্চনরা। স্বাগতিক পাকিস্তানকে আমরা সেমিফাইনালে হারালাম। কিন্তু ফাইনালে কী হতে কী হলো, কিছুই বুঝলাম না।’
ভারত ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হলেও তাদের শিরোপার দাবিদার এখনও মানেন না এ আর্জেন্টাইন কোচ, ‘গ্রুপের পারফরম্যান্স ফাইনালে দেখাতে পারলে আমাদের হাতেই ট্রফি থাকতো। আসলে ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। তাই বলে ভারত যে ভালো দল ছিল, সেটা আমি বলবো না। ম্যাচের একটা সময় পর্যন্ত তারা ভালো খেলেছে। সুযোগ কাজে লাগিয়ে তারা গোল করেছে, আর আমরা অগোছালো আক্রমণের জন্য গোল পাইনি।’