ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছিলেন মদরিচ। ‘লস ব্লাঙ্কোদের’ টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে এই মিডফিল্ডার রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্লাব ফুটবল শেষে জাতীয় দলের জার্সিতেও ছিলেন ফর্মের তুঙ্গে। রাশিয়া বিশ্বকাপে তার নেতৃত্বে ক্রোয়েশিয়া খেলেছে ফাইনাল।
গোটা ফুটবল বিশ্বকে অবাক করে ক্রোয়েশিয়ার শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার পথে মদরিচের অবদান ছিল অনেক। ফ্রান্সের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলেও বিশ্বের কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন মদরিচ-রাকিতিচরা। তারই স্বীকৃতি হিসেবে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের হাতে উঠেছে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বী হলেও জাতীয় দলের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন মদরিচ-রাকিতিচ। প্রিয় সতীর্থের অর্জনে তাই ভীষণ খুশি বার্সেলোনা মিডফিল্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন মদরিচকে। রাকিতিচ লিখেছেন, ‘একটাই কথা হবে: তুমিই দাবিদার! অভিনন্দন ভাই, অভিনন্দন অধিনায়ক।’
মদরিচকে নিয়ে তার গর্বের শেষ নেই, ‘আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত লুকা মদরিচ।’ মার্কা