মাঠে নামার অনুভূতির সঙ্গে নতুন এই অধ্যায়ে এগিয়ে চলার স্বপ্নের কথা ভাগাভাগি করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। যে স্বপ্নের পথে বোল্টের অনুপ্রেরণা ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের ভক্ত এই জ্যামাইকান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো সাফল্য চাইছেন ফুটবলেও।
ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার আগে থেকেই। অলিম্পক থেকে আটটি সোনা জেতা এই স্প্রিন্টার অবসর নেওয়ার পরপরই শুরু করেন ফুটবল অনুশীলন। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডে ট্রায়ালের পর অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্টের হয়ে মাঠে নামলেন বোল্ট। সেন্ট্রাল কোস্ট নির্বাচিত একাদশের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।
ফুটবলে অভিষেক হওয়ার পর পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করতে চান বিশ্বের দ্রুততম মানব। যেখানে তার অনুপ্রেরণা রোনালদো, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত আমি। কেন? কারণ তার কাজের ধরন।’ সঙ্গে যোগ করেছেন, ‘সে জানে কীভাবে সেরা হওয়া যায়, আর আমি সেটাই আমার মধ্যে নিতে চাই।’
মেসিরও ভক্ত বোল্ট, ‘মেসির মতো প্রতিভাবান ফুটবলার আমি নই। সে অনেক ছোটবেলায় খেলা শুরু করেছিল এবং সে সত্যিই প্রতিভাবান।’ প্রতিভার সঙ্গে পরিশ্রম দিয়ে যেহেতু রোনালদো সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছেন, তাই জুভেন্টাস ফরোয়ার্ডের দিকেই তার নজর, ‘ক্রিস্তিয়ানোর কাজ হলো সবচেয়ে সেরা, আর সেটাই আমি আমার মধ্যে নিতে চাই।’ গোল ডটকম